খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ‘সন্ত্রাসী এবং নাশকতাকরীদের সঙ্গে কোনো আপস নয়। সহিংসতার পথ পরিহার করে বিএনপিকে রাজনৈতিক কর্মসূচিতে ফিরে আসতে হবে।’ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ইউনাইটেড ইসলামী পার্টি আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত জোটের সহিংস কর্মকাণ্ড থেকে দেশের মানুষ পরিত্রাণ চায়।’ রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিক ও গণতান্ত্রিক কর্মসূচি পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘গণতান্ত্রিক কর্মসূচি নিয়ে আমরাও মাঠে থাকব, আপনারাও মাঠে থাকেন। এ ক্ষেত্রে আইন-শৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ থাকবে। কারো গণতান্ত্রিক কর্মসূচিতে আইন-শৃঙ্খলা বাহিনী বাধা দেবে না। কিন্তু যদি সহিংস কর্মসূচি দেন তাহলে জনগণ তা প্রতিহত করবে।’
আয়োজক সংগঠনের চেয়ারম্যান মাওলানা ইসমাইল হোসাইন সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য দেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহাম্মদ আমদাদুল হক বকশী, শাইখুল হাদিস মাওলানা রুহুল আমীন, দফতর সম্পাদক মুফতি সালমান ফরিদি প্রমুখ।
