বৃষ্টির বাগড়ায় কাল হয়নি

আজ হবে আবাহনী-মোহামেডান ম্যাচ

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৯

মোহামেডান আবাহনীর ফুটবল দ্বৈরথ বৃষ্টির বাগড়ায় গতকাল মাঠেই গড়াতে পারেনি। তবে খেলাটি আজ বিকাল সাড়ে তিনটায় শুরু হবে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের গতকাল এ খেলাটির আগে মাঠ বৃষ্টিতে ভিজে যায়। জায়গায় জায়গায় পানি জমে গেলে খেলাটি আর মাঠেই গড়ায়নি।

আবহাওয়া বেশ কয়েক দিন ধরে খারাপ। বৈরী আবহওয়ায় আকাশ যেমন ভারী ছিল, তেমনি বৃষ্টিও হচ্ছিল গুঁড়ি গুঁড়ি। এমন আবহাওয়ার মধ্যেও গতকাল বিকালে শেখ জামাল এবং সাইফ স্পোর্টিংয়ের খেলাটা ভালো ভাবেই শেষ হয়েছিল। মোহামেডান এবং আবাহনীর খেলোয়াড়রা মাঠের দুই পাশে ওয়ার্মআপও করছিলেন। তখন আবার বৃষ্টি নামল। তারপরও মোহামেডান আবাহনীর খেলোয়াড়রা ভিজে ভিজে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছিলেন। আকাশে তখন বজ্রপাতের আওয়াজ। তবু থেমে নেই অনুশীলন। ড্রেসিং রুমে ঢুকে খেলোয়াড়রা আর বের হননি। আকাশে বৃষ্টির ঝাঁঝ আরো বেড়ে যায়। ততক্ষণে মাঠের কয়েক জায়গায় পানি জমে গেছে। রেফারি মাঠ পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন তার সহকারীরা। মাঠে ঢুকে আবার তারা বেরিয়ে যান। খবর পাঠান ৩০ মিনিট পর আবার মাঠ পরিদর্শন করবেন। এভাবে তিনবার মাঠ পরিদর্শন করে জানিয়ে দেয়া হয় মোহামেডান আবাহনী ম্যাচটি হবে না। বাফুফের পেশাদার লিগ কমিটি ঘোষণা দেন খেলা হবে না। ফিকশ্চার অনুযায়ী আজ ব্রাদার্স ইউনিয়ন ও বসুন্ধরা কিংসের খেলা হওয়ার কথা ছিল ৪টায়। কিন্তু গতকাল রাত সাড়ে ৮টায় লিগ কমিটি জানায় দেশের ঐতিহ্যবাহী দল দুটির মধ্যকার খেলাটি আজ বিকালে সাড়ে তিনটায় হবে। এরপরই পূর্ব নির্ধারিত হবে ব্রাদার্স ও বুসন্ধরার খেলাটা।    

এদিকে অল্প বৃষ্টিতেই পানি জমে যাওয়ায় নতুন করে ভেন্যু হিসেবে বঙ্গবন্ধু স্টেডিয়ামের উপযুক্ততা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ড্রেনেজ সিষ্টেম খুব একটা ভালো না হলেও কাল এমন কোনো বৃষ্টি হয়নি যে মাঠে পানি জমে যেতে পারে। আবার এই মাঠের পেছনে বাফুফে লাখ লাখ টাকা খরচ করছে। সংশ্লিষ্টরা মনে করেন মূলত পর্যাপ্ত পরিচর্যার অভাবে সামান্য বৃষ্টিতে মাঠ খেলার অনুপোযোগী হয়ে পড়ে।