শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৩-০ গোলে হারিয়ে পেশাদার ফুটবল লিগে পঞ্চম জয় তুলে নিল সাইফ স্পোর্টিং ক্লাব।
বৃষ্টিভেজা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের মাঠে শেখ জামাল গতকাল বুধবার অনুষ্ঠিত খেলাটিতে এভাবে সাইফ স্পোর্টিংয়ের কাছে হেরে যাবে ভাবেনি লিগের বর্তমান রানার্সআপ দলটি।
সাইফ স্পোর্টিং ক্লাবের এমন বড় জয়ের পেছনের নায়ক ছিলেন জাফর ইকবাল। এই ফরোয়ার্ড কাল গোল করেছেন, গোল করিয়েছেন। দারুণ খেলেছেন জাফর ইকবাল। ৪০তম মিনিটে সাইফের অধিনায়ক জামাল ভুইয়া দারুণ একটি পাস গড়ে দিয়েছিলেন। সেই বলটা জাফর ইকবাল গোলে পরিণত করেছেন দারুণভাবে ১-০।
দ্বিতীয়ার্ধে এই অপ্রতিরোধ্য জাফর ইকবাল গোল বানিয়ে দিলেন। তার নিখুঁত ক্রসের বলটাকে লাফিয়ে উঠে গোলে পরিণত করেন কলম্বিয়ান স্ট্রাইকার আন্দ্রেস কর্ডোভা ২-০। শেখ জামাল খেলার স্রোতে ছিল। গোল পাবে এমন সুযোগও ছিল তাদের সামনে। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোলমুখ থেকে ফিরে আসছিল বল। নিশানা খুঁজে না পাওয়া শেখ জামালের দুর্বলতার সুযোগ বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব।
খেলার শেষ ভাগে গিয়ে শেখ জামাল ছিল আরও ছন্নছাড়া। সাইফের আক্রমণ ঠেকাতে গিয়ে পেনাল্টি দিল। পেনাল্টি থেকে ম্যাচের তৃতীয় গোল করেন রুশ ফুটবলার বলশাকভ ৩-০। সাইফ আট খেলায় ৫ জয়ে ১৭ পয়েন্ট পেল। অপরদিকে নয় খেলায় শেখ জামালের আছে ১২ পয়েন্ট।
