রাজধানীর খামারবাড়িতে লাগা আগুন নিয়ন্ত্রণে

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৫, ১৮:৪৬
 
 
রাজধানীর মণিপুরীপাড়ার খামারবাড়ির একটি ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার দুপুর ৩টার দিকে খামারবাড়ির কৃষিসম্প্রসারণ অধিদফতরের ৩ নম্বর ভবনের ষষ্ঠ তলার এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস জানিয়েছে—সাত তলা বিশিষ্ট ভবনের ষষ্ঠ তলার কার্নিশে ফেলে দেয়া কাগজপত্র থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস আরো জানিয়েছে—ধারণা করা হচ্ছে জ্বলন্ত সিগারেট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। একপর্যায়ে কার্নিশের আগুন পাশের একটি কক্ষে ছড়িয়ে পড়ে। তবে আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে ওই কক্ষের জানালার পর্দা পুড়ে গেছে।