জয়পুরহাট-হিলি সড়কের পাঁচবিবি টেক্সটাইলের সামনে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছে। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। নিহত দিনমজুর জেলা সদরের মোহাম্মদাবাদ ইউনিয়নের বেলআমলা গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে সুজ্জল রহমান (৩৫)।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রফিক এন্ড ব্রাদার্স পরিবহনের ইট বোঝাই একটি মেসি ট্রাক্টর দিনাজপুরের হিলি থেকে জয়পুরহাট যাচ্ছিল। ট্রাক্টরটি পাঁচবিবি ট্রেক্সটাইল মিলের সামনে একটি মোটরসাইকেলকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ইট বোঝাই ট্রলির উপর থেকে পড়ে ইটের চাপায় ঘটনাস্থলেই দিনমজুর সুজ্জল মারা যায় এবং গাড়ির চালক, হেলপারসহ আরো দুজন দিনমজুর গুরুতর আহত হয়। মোহাম্মদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ দুলাল ঘটনার সত্যতা ও মৃত দিনমজুরকে সনাক্ত করেন। তিনি আহত অপর চারজনের নাম ঠিকানা জানাতে পারেননি। পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় এবং দুর্ঘটনা কবলিত মেসি ট্রাক্টর ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে বলে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আবু হেনা মোস্তফা কামাল জানান।
