রাজশাহী রেলওয়ে স্টেশনে শনিবার রাতে ৮টার দিকে একটি শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটিয়েছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। তবে এতে কেউ আহত হয়নি। একই রাত সাড়ে ৯টার দিকে নগরীর মণিচত্ত্বরে জামায়াত-শিবিরের ককটেল হামলায় দুই নারীসহ তিনজন আহত হয়েছেন। নগরীর বোয়ালিয়া থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই হামলাকারী জামায়াত-শিবিরের ক্যাডাররা পালিয়ে যায়। জড়িতদের আটকের চেষ্টা চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবি ও সোমবারের হরতালকে সামনে রেখে শনিবার রাত ৮টা ৫ মিনিটে রেলওয়ে স্টেশনের পশ্চিম পার্শ্বের গাড়ি পার্কিংয়ের জায়গায় সিঁড়ির নিচে বোমা নিক্ষেপ করা হয়। বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হলে চারিদিক ধোঁয়ায় ছেয়ে যায়। এসময় ট্রেনের যাত্রী ও উপস্থিত মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। জিআরপি পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
রাজশাহী রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট আবদুল করিম জানান, বোমায় কেউ হতাহত হয়নি। হরতাল ও অবরোধ সমর্থকরা ট্রেনেযাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়াতে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। জিআরপি থানার ভারপ্র্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের কাছে খবর আছে, রবি ও সোমবারের হরতালকে সামনে রেখে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা এই বিস্ফোরণ ঘটিয়েছে।
