সাইফ ও চট্টগ্রাম আবাহনীর ড্র ম্যাচটির তদন্ত হবে

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০৩

চট্টগ্রাম আবাহনী এবং সাইফ স্পোর্টিং ক্লাবের খেলাটা পাতানো হয়েছিল বলে অভিযোগ উঠেছে। এমন অভিযোগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর পাতানো ম্যাচ শনাক্তকরণ কমিটির কাছে পাঠিয়ে এ অভিযোগ তদন্ত করা হবে।

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তারা সাইফ স্পোর্টিং এবং চট্টগ্রাম আবাহনীর মধ্যে পাতানো ম্যাচ হওয়ার কথা জেনেছেন। সোহাগ বলেন, ‘আমরা জানতে পেরেছি। বিষয়টা তদন্ত করার জন্য আমাদের পাতানো খেলা শনাক্তকরণ কমিটির কাছে পাঠাবো এবং তারা বিশ্লেষণ করবেন।’

গত ২৩ ফেব্রুয়ারি ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত চট্টগ্রাম আবাহনী এবং সাইফের খেলাটা গোল শূন্যভাবে শেষ হয়। গুঞ্জন উঠে সমঝোতার ম্যাচ হয়েছিল এটি।

চট্টগ্রাম আবাহনীর ম্যানেজার আরমান আজীজ অবশ্য পাতানো খেলার অভিযোগ অস্বীকার করেন। তিনি এ ব্যাপারে বলেন, ‘অসম্ভব। পাতানো খেলা হবে কেন। আমাদের কি অবস্থা দেখছেন না। আমরা উল্টো রেফারির বিপক্ষে অভিযোগ করতে চাই। পেনাল্টি দেয়নি আমাদেরকে।’

সাইফ স্পোর্টিংয়ের এমডি নাসির চৌধুরী পাতানো খেলা প্রসঙ্গে বলেন, ‘একদম ভোগাস কথা। আমাদের একজন বিদেশি ইনজুরিতে। দুই জন বিদেশি নিয়ে খেলেছি সেদিন।’ পাল্টা প্রশ্ন করে তিনি বলেন, ‘আমরা আরামবাগের কাছে হেরেছিলাম। সেটা কি পাতানো ছিল।’