বোমা হামলায় কাভার্ডভ্যানসহ ২ অটোবাইক ছাই, আহত ২

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৫, ১২:৫০
দিনাজপুরের পৃথক তিন স্থানে দুর্বৃত্তরা পেট্রোল বোমা হামলা চালিয়ে একটি কাভার্ড ভ্যানসহ দুইটি অটোবাইক জ্বালিয়ে দিয়েছে। এতে কেউ অগ্নিদগ্ধ না হলেও দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন কাভার্ড ভ্যান চালকসহ দুইজন। গতকাল শনিবার রাতে এবং  রবিবার ভোরে এসব ঘটনা ঘটে।
জানা গেছে,  রবিবার ভোরে ফুলবাড়ি-দিনাজপুর মহাসড়কের চিরিরবন্দর উপজেলার আমতলী নামক স্থানে ব্যারিকেড দিয়ে বিস্কুটবাহী একটি কাভার্ডভ্যানের গতিরোধ করে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা ইটপাথর নিক্ষেপ শুরু করে। এতে কাভার্ড ভ্যানে থাকা চালকসহ তিনজন পালিয়ে যাওয়া চেষ্টা করলে চালক আব্দুর রহমান (৩৮) ও আরোহী সিরাজুল ইসলামকে (৪৩) আটক করে  মারপিট করে দুর্বৃত্তরা। এ সময় তাদের সামনেই কাভার্ড ভ্যানে চারটি পেট্রোল বোমা ছোড়ে কাভার্ডভ্যানটি জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে দমকল বাহিনী সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। আহত সিরাজুল ইসলামকে স্থানীয়ভাবে চিকিৎসার পর ছেড়ে দেয়া হলেও চালক আব্দুর রহমানকে দিনাজপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।
এদিকে গতকাল শনিবার রাত সোয়া নয়টায় দিনাজপুরের শহরের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে পেট্রোল বোমা হামলা চালিয়ে ব্যাটারিচালিত একটি অটোবাইক এবং একই দিন রাত সাড়ে নয়টায় বিরলের বানিয়াপাড়া রেল ক্রসিং এলাকায় পেট্রোল বোমা হামলা চালিয়ে অপর একটি অটোবাইক জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হাতাহত হয়নি।