শ্রীপুরে ইভটিজিংয়ের দায়ে দুই যুবকের কারাদণ্ড

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৫, ১৭:৩৪
 
 
মাগুরার শ্রীপুর উপজেলার ঘাসিয়াড়া গ্রামে এক মেয়েকে ইভটিজিংয়ের দায়ে রবিবার সেলিম ওরফে খোরশেদ (২০) ও রুবেল মাহমুদ (২১) নামে দুই যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
 
পুলিশ ও সংশ্লিষ্ট পরিবার সূত্রে জানা গেছে, ঘাসিয়াড়া গ্রামের সলেমানের ছেলে ডিসলাইন ক্যাবল ব্যবসায়ী সেলিম ওরফে খোরশেদ (২০) ও বরালিদাহ গ্রামের বজলুর রহমান বুলুর ছেলে কম্পিউটার ব্যবসায়ী রুবেল মাহমুদ (২১) একই গ্রামের ১৬ বছর বয়সী এক মেয়েকে দীর্ঘদিন ধরে কু-প্রস্তাব দিয়ে আসছিল। প্রস্তাবে ওই মেয়েটি রাজি না হওয়ায় তারা মেয়েটির ছবি গোপনে সংগ্রহ করে তাদের নিজ কম্পিউটারের মাধ্যমে অন্য মেয়ের নগ্ন ছবির সাথে যুক্ত করে ভিডিও চিত্র বানিয়ে বিভিন্ন মোবাইল ফোনে সরবরাহ করে। বিষয়টি এলাকায় জানাজানি হলে ওই মেয়েটি একপর্যায়ে মান-সম্মানের ভয়ে আত্মহত্যা করতে উদ্ধত হয়।
 
এ ঘটনার পরপরই ওই মেয়েটির মাতা (মাছুদা বেগম) ঐ যুবকদের কু-কর্মের কাহিনী উল্লেখ করে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
 

অভিযোগের ভিত্তিতে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ শাহ্ মোঃ আওলাদ হোসেন ও এ,এস আই মোঃ হুমায়ুন কবির এর নেতৃত্বে নাকোল বাজার এলাকায় অভিযান  চালিয়ে তাদের দু’জনকেই আটক করতে সক্ষম হন। আটকের পর শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈনুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে জনসমক্ষে সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হওয়ায় ঐ দুই যুবককে ইভটিজিংয়ের দায়ে এক বত্সরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে আদালত।