বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদের অর্ধশতকে পাকিস্তানের বিপক্ষে ২৪৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। জয়ের জন্য পাকিস্তানকে করতে হবে ২৪৭ রান।
সোমবার সিডনির ব্ল্যাকটাউন অলিম্পিক পার্ক ওভালে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুটা ভালো হয়নি তাদের। দলীয় ১৬ রানের মাথায় দুই উইকেটের পতন ঘটে। এনামুল শূন্য রানে ও মুমিনুল হক ৭ রানে আউট হয়ে যান। সোহেল খানের বলে শোয়েব মাকসুদের হাতে ক্যাচ দিয়ে ফিরেন এনামুল। হারিস সোহেল ফিরতি ক্যাচ নিয়ে বিদায় করেন মুমিনুলকে (৭)।
তবে শতরানের জুটিতে প্রতিরোধ গড়েন মাহমুদুল্লাহ ও তামিম। ব্যক্তিগত ৮৩ রান করে রান আউট হন মাহমুদুল্লাহ। এরপর জোড়া আঘাতে তামিম (৮১) ও মুশফিকুর রহিমকে (শূন্য) ফিরিয়ে বাংলাদেশকে চাপে ফেলেন ইয়াসির শাহ। এরপর সাকিব আল হাসান ও সৌম্য সরকার রানের সংখ্যায় দুই ঘর যেতে পেরেছেন। ব্যক্তিগত ১৫ রান করে সৌম্য সরকার ওয়াহাব রিয়াজের বলে ও উমর আকমলের ক্যাচে সাজঘরে ফেরেন। এরপর ৩১ রান করে আউট হন সাকিব আল হাসান। মাত্র ১৮ বলে শেষ ৫ উইকেট হারায় বাংলাদেশ। সাবউইকেটের বিনিময়ে বাংলাদেশের সংগ্রহ ২৪৬ রান।
৫২ রানে ৫ উইকেট নিয়েছেন পাকিস্তানের বোলার মোহাম্মদ ইরফান।
১৮ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগে বৃহস্পতিবার আয়ারল্যান্ডের বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।
