মেয়েটির নাম সোমা বড়ুয়া। পড়াশোনা করত চট্টগ্রাম সরকারি সিটি কলেজে একাদশ শ্রেণিতে। বাবা-মায়ের অতি আদরের। তিন বোনের মধ্যে সব থেকে ছোট সে। সোমার ইচ্ছে ছিল পড়াশোনা করে অনেক বড় হবে। কিন্তু সব স্বপ্ন শেষ হয়ে গেল। গত ১৬ জানুয়ারি চট্টগ্রামে একটি ভারী যানে পিষ্ট হয়ে জীবন প্রদীপ নিভে গেল সোমার। বর্তমানে অসংখ্য তরুণ-তরুণী সড়ক দুর্ঘটনায় অকালে প্রাণ হারাচ্ছে। বাংলাদেশে সড়ক দুর্ঘটনা ভয়াবহ রূপ ধারণ করেছে। প্রতিদিনই কেউ না কেউ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে। গত দুই বছরে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা ছয় হাজারেরও বেশি। দিন দিন সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। এই সড়ক দুর্ঘটনা কি থামবে না? রাষ্ট্রীয়ভাবে সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জনসচেতনতা বাড়ানো উচিত। তাহলে হয়তো সড়ক দুর্ঘটনায় অকাল মৃত্যু থামানো সম্ভব হবে। সড়ক দুর্ঘটনা রোধে বাংলাদেশের প্রতিটি মানুষকে আরো বেশি দায়িত্বশীল হতে হবে।
মো. শরিফুল ইসলাম
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
