আবারো ভারতে গণধর্ষণের পর নৃশংসভাবে হত্যা

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৫, ১৮:২৫
 
ভারতের রাজধানী দিল্লির কাছাকাছি একটি শহরে মানসিক প্রতিবন্ধী এক মহিলাকে গণধর্ষণ করে হত্যা করা হয়েছে।
রবিবার সহস্রাধিক মানুষ রোতাক নামে শহরটির পাশে দিল্লিমুখি একটি মহাসড়ক অবরোধ করার পর ধর্ষকদের গ্রেফতার করতে তৎপর হয়েছে হরিয়ানা পুলিশ।
২৮ বছরের ঐ মহিলাকে গত ১ ফেব্রুয়ারি থেকে পাওয়া যাচ্ছিল না। এরপর বুধবার একটি মাঠে তার ছিন্নভিন্ন দেহ পাওয়া যায়।
ময়না তদন্তে নিশ্চিত করা হয় মৃত্যুর আগে ঐ মহিলা ধর্ষণের শিকার হয়। ময়না তদন্তের পর জানানো হয়েছে, মহিলার ওপর অমানবিক নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে।
তার যৌনাঙ্গের ভেতর পাথরের টুকরো, ব্লেড, লাঠি ঢোকানো হয়। এমনকি তার হৃদপিণ্ড এবং ফুসফুসও পাওয়া যায়নি।
স্থানীয় একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা শশাঙ্ক আনন্দ বলেছেন, প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে এটা ধর্ষণ এবং হত্যার ঘটনা।
জানা গেছে কয়েকমাস মহিলাটি রোতাকে এসে তার বোনের কাছে ওঠে। স্থানীয় একটি হাসপাতালে তার চিকিৎসা চলছিল। নিখোঁজ হওয়ার চারদিন পর তার বোনের বাড়ি থেকে ১৮ কিমি দুরে তার মৃতদেহ পাওয়া যায়।
পুলিশ যথেষ্ট তৎপর নয় বলে অভিযোগ করেছেন নিহত মহিলার বোন।
উল্লেখ্য, ২০১২ সালে দিল্লিতে চলন্ত বাসে এক মহিলাকে গণধর্ষণ করে হত্যার পর সারা ভারতজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
সংবাদদাতারা বলছেন ঐ ঘটনার পর আইন অনেক শক্ত করা হলেও, দিল্লিতে ধর্ষণের ঘটনা কমার তেমন কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। সূত্র: বিবিসি