‘রোহিঙ্গা সংকটের রাজনৈতিক সমাধান হওয়া প্রয়োজন’

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১৬

রোহিঙ্গা সংকট সমাধানে রাজনৈতিক উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন জাতিসংঘের বিশেষ দূত। তিনি বলেন, এই সংকটের রাজনৈতিক সমাধান হওয়া প্রয়োজন। আন্তর্জাতিক সম্প্রদায়েরই দায় এটি। ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর ও জাতিসংঘ মহাসচিবের মানবিক দূত আহমেদ আল মেরাইখি গতকাল ঢাকায় এক সংবাদ সম্মেলনে একথা বলেন। গত ২৫ ও ২৬ ফেব্রুয়ারি কক্সবাজারে দুইদিনের সফর করেন এই দুই জাতিসংঘ কর্মকর্তা।

ইউনিসেফের নির্বাহী পরিচালক সাংবাদিকদের বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে বৈশ্বিক সমাজ হিসেবে আমাদের দায়িত্ব ও বাধ্যবাধকতা রয়েছে। যেসব শিশু ও তরুণ জনগোষ্ঠীকে বিশ্ব সম্প্রদায় ‘রাষ্ট্রহীন’ বলে আখ্যা দিয়েছে তাদের সুন্দর জীবন গঠনে শিক্ষা ও দক্ষতা অর্জন প্রয়োজন। এদের সংখ্যা প্রায় পাঁচ লাখ।

জাতিসংঘ মহাসচিবের মানবিক দূত আহমেদ আল মেরাইখি বলেন, এ প্রজন্মের রোহিঙ্গাদের পেছনে বিনিয়োগের জন্য সমন্বিত উদ্যোগ আবশ্যক। মিয়ানমারে ফিরে যাবার পর তাদের সেখানকার সামাজিক পুনর্নির্মাণে অংশগ্রহণের উপযোগী করে গড়ে তুলতে হবে।

ইউনিসেফ নির্বাহী পরিচালক বলেন, রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনসাধারণকে জরুরি সহায়তার জন্য ১৫ কোটি ২০ লাখ ডলার প্রয়োজন। এখন পর্যন্ত ইউনিসেফ থেকে বাংলাদেশ মাত্র ২৯ শতাংশ তহবিল পেয়েছে। তহবিল সংকট থেকে উত্তরণের জন্য আন্তর্জাতিক সংস্থা ও সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদার করা জরুরি।