এবিএম মূসার ৮৮তম জন্মদিন আজ

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১৭

আজ ২৮ ফেব্রুয়ারি প্রয়াত সাংবাদিক এবিএম মুসার ৮৮তম জন্মদিন। ১৯৩১ সালের এই দিনে তিনি ফেনী জেলার ফুলগাজী থানার ধর্মপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৫০ সালে ইনসাফ পত্রিকার মাধ্যমে তার সাংবাদিকতা জীবনের শুরু। স্বাধীনতার আগ পর্যন্ত তিনি পাকিস্তান অবজারভারের রিপোর্টার ও পরবর্তীতে বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পর তিনি প্রথম বিটিভির মহাপরিচালক, মর্নিং নিউজের সম্পাদক, বাংলাদেশ সংবাদ সংস্থার মহাব্যবস্থাপক, পিআইবি’র মহাপরিচালক ছিলেন। তিনি জাতিসংঘের পরিবেশ কার্যক্রমে প্যাসেফিক অঞ্চলের আঞ্চলিক পরিচালকও ছিলেন। তিনি বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি কিছুদিন যুগান্তরের সম্পাদকের দায়িত্বে ছিলেন। তার জন্মদিন উপলক্ষে এবিএম মূসা-সেতারা মূসা ফাউন্ডেশনের উদ্যোগে আগামী ৫ মার্চ, সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘পাকিস্তান আমলের সংবাদপত্র: একটি রাজনৈতিক পাঠ’ শীর্ষক স্মারক বক্তৃতা ও ক্রীড়া সাংবাদিকতায় এবিএম মূসা পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। -প্রেস বিজ্ঞপ্তি