শীতলক্ষ্যায় ৪ দিন পরে ভেসে উঠলো দুই শিশুর লাশ

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৫, ১৬:০১

নারায়ণগঞ্জে বন্দর উপজেলার মদনগঞ্জে খেয়া ঘাটে শীতলক্ষ্যা নদীতে মালবাহী ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবে নিখোঁজ দুই শিশু ফাহিম (৪) ও সুমাইয়া’র (৮) লাশ মঙ্গলবার কয়েক ঘণ্টার ব্যবধানে ভেসে উঠেছে। ঘটনার ৪ দিন পর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সৈয়দপুর এলাকায় ফাহিমের ও দুপুর ২টায় একই এলাকায় শিশু সুমাইয়ার লাশ উদ্ধার করে উদ্ধারকারী টিম।
ফাহিম কুমিল্লা মেঘনা থানার বড়কান্দা গ্রামের দুলাল মিয়ার ছেলে। সুমাইয়া একই এলাকার তারেক এর মেয়ে।
নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নজরুল ইসলাম জানান, ঘটনার পর থেকেই নিখোঁজ দুই শিশুকে উদ্ধারের জন্য বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের ডুবুরী দল নদীতে তল্লাশি চালিয়েছে। মঙ্গলবার সকালে ও দুপুরে ওই দুই শিশুর লাশ উদ্ধারের পর স্বজনদের হাতে হস্তান্তর করা হয়।
প্রসঙ্গত, বন্দর উপজেলার চৌধুরী বাড়ি এলাকার দরগাহ থেকে মিলাদ শেষে শনিবার সকালে কুমিল্লার মেঘনার উদ্দেশে যাত্রা শুরু করে। এসময় মদনগঞ্জ এলাকায় খেয়া ঘাটে একটি কার্গো ট্রলার নারায়ণগঞ্জের দিকে আসার পথে ট্রলারটিকে ধাক্কা দিলে ডুবে যায়। যাত্রীদের সবাই সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও দুই শিশু ফাহিম ও সুমাইয়া শিশু নিখোঁজ থাকে।