প্রযুক্তি নির্ভর পেশায় রয়েছে নারীর দীপ্ত পদচারণা

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৫, ১৩:৩৩

অনেকে মনে করেন তথ্য প্রযুক্তিতে নারীর ভীতি আছে। কিন্তু নারীরা কাজের মাধ্যমে প্রমাণ করেছেন তাদের এগিয়ে যাওয়ার সহায়ক শক্তি হলো তথ্য প্রযুক্তি। তাই আজ সকল তথ্য প্রযুক্তি নির্ভর পেশায় রয়েছে তাদের দীপ্ত পদচারণা। গতকাল সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দক্ষিণ এশিয়ার বৃহত্তম তথ্যপ্রযুক্তি মেলা ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৫’ এর উদ্বোধনী দিনে ‘টেক ওমেন কনফারেন্সে’ এ কথা বলেছেন বক্তারা।

‘ফিউচার ইজ হেয়ার’ স্লোগানে যৌথভাবে ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৫’ এর আয়োজন করছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।
মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানের পরে প্রযুক্তি জগতে নারীর বিচরণ নিয়ে শুরু হয় ‘টেক ওমেন কনফারেন্সে’। এতে দুইটি প্যানেলে ওমেন লিডারশিপ নিয়ে কথা বলেন, দেশের সফল প্রবীন ও নবীনরা। অনুষ্ঠানে তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তরুণ নারী নেতৃত্বকে নতুন প্রজন্মের রোল মডেল আখ্যা দিয়ে তাদের অনুসরণের আহবান জানান।
প্রবীণ আলোচকদের মধ্যে ছিলেন, বাংলাদেশ ফেডারেশন অব উইমেন এন্টারপ্রেনার্স এর প্রেসিডেন্ট রোকেয়া আফজাল রহমান, ব্র্যাকের জেন্ডার জাস্টিস এন্ড ডাইভারসিটি এন্ড মাইগ্রেশন প্রোগ্রামের ডিরেক্টর শিফা হাফিজ, বাংলাদেশ হাইটেক পার্ক অথোরিটির ব্যবস্থাপনা পরিচালক ও যুগ্মসচিব হোসনে আরা বেগম প্রমুখ।
তরুণ আলোচকদের মধ্যে ছিলেন ইত্তেফাকের প্রকাশক ও ক্লিক ইত্তেফাকের নির্বাহী পরিচালক তারিন হোসেন, গ্রামীণ ফোনের ডিজিটাল সার্ভিসের সিনিয়র স্পেশালিস্ট শায়মা রহমান, শামিট কমিউনিকেশনের ডিরেক্টর ফাদিয়াহ খান, ওয়ান ডিগ্রী ইনিসিয়েটিভের প্রতিষ্ঠাতা শাবনাজ রশিদ দিয়া, ফিউচার সলিউশন ফর বিজনেস এর ব্যবস্থাপনা পরিচালক সাদেকা হাসান সেজুতি, টেকমেনিয়ার সিইও তাসলিমা মিজি প্রমূখ।
বক্তারা বলেন, কাজে বাধা থাকবে কিন্তু লক্ষ্য ঠিক করে এগিয়ে যেতে হবে। কোন কাজে প্রবেশের আগে দক্ষতা অর্জনের ওপর তারা গুরুত্বারোপ করেন। ব্যর্থতা থেকে অভিজ্ঞতা অর্জনেরও পরামর্শ দেন। এক্ষেত্রে পরিবারের ভূমিকাকেও গুরুত্বপূর্ণ মনে করেন তারা। তারা আরো বলেন, নারীরা আজ যে কাজই করছে সেখানেই প্রযুক্তির ব্যবহার রয়েছে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইউওয়াই সিস্টেমের সিইও ফারহানা এ রহমান ও বেসিসের ডিরেক্টর এবং বেসিস ওম্যান ফোরামের কনভেনর সামিরা জুবেরী হিমিকা।