গাজীপুরের টঙ্গী ইজতেমা ময়দানে ব্যবহূত সরঞ্জামাদি অপসারণে জটিলতা সৃষ্টি হওয়ায় মাওলানা সা’দ ও জুবায়ের অনুসারীদের ইজতেমা ময়দানে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। গতকাল বুধবার সকাল থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে।
গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর জানান, ১৫ ফেব্রুয়ারি থেকে ৫ দিনের বিশ্ব ইজতেমা শেষে ময়দানের মালামাল অপসারণের কাজ চালাচ্ছিলেন উভয় পক্ষের মুসল্লিরা। সরঞ্জামাদি অপসারণ নিয়ে দু’পক্ষের মুসল্লিদের মধ্যে ঝামেলা সৃষ্টি হওয়ায় উভয় পক্ষের মুসল্লিদের ময়দানে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তারা ঐকমত্য হলে তাদের কাছে মালামাল বুঝিয়ে দেওয়া হবে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ওয়াইএম বেলালুর রহমান জানান, বিশ্ব ইজতেমা শেষ হওয়ার পর থেকেই ইজতেমা ময়দান পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ময়দানের মালামাল গুছানোর জন্য উভয় পক্ষের মুসল্লিগণ ময়দানে কাজ করছেন। এ মালামাল অপসারণ নিয়ে সম্প্রতি দু’পক্ষের মতবিরোধের কারণে উভয় পক্ষকে ময়দানে প্রবেশে নিষেধ করা হয়েছে। গতকাল সকাল থেকে পুরো ইজতেমা ময়দান পুলিশ নিয়ন্ত্রণে নিয়েছে। কোনো পক্ষকেই ময়দানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। দুই পক্ষের ঐকমত্য না হওয়া পর্যন্ত ইজতেমা মাঠ প্রশাসনের নিয়ন্ত্রণেই থাকবে। উভয় পক্ষ ঐকমত্য হলে তাদের কাছে ময়দান ও মালামাল বুঝিয়ে দেওয়া হবে।
