বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের দেহড় উত্তরপাড়া গ্রামের বিপুল (১৮) নামে এক যুবককে দুবৃত্তরা গলা কেটে করে হত্যা করেছে। গত বুধবার রাতেেএ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত বিপুল ছোট বেলা থেকে একই গ্রামে তার নানা আব্দুল হাকিম ওরফে বাবলুর বাড়িতে বসবাস করতেন। এছাড়া তিনি পেশায় একজন ভ্রাম্যমান কাঠ মিস্ত্রি ছিলেন। বুধবার রাত ৯টার দিকে বিপুল তার নানা বাড়ি থেকে বের হয়ে যান এবং ওই রাতে তিনি আর বাড়ি ফিরেননি। বৃহস্পতিবার সকালে গ্রামের পূর্বপাশে খোকা মিয়ার পুকুরে (ছোট গাড়ি) তার ভাসমান লাশ পাওয়া যায়। হত্যাকারীরা তাকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যাসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে। সংবাদ পেয়ে কাহালু থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। নিহত বিপুল দেহড় উত্তরপাড়া গ্রামের মকবুল হোসেনের পুত্র। তার হত্যার প্রকৃত কারণ পুলিশ এখনও উদ্ঘাটন করতে পারেনি। তবে বিপুল ও তার অপর পক্ষের মধ্যে অাধিপত্য নিয়ে অথবা কোন নারী ঘটিত ঘটনাকে কেন্দ্র করে তিনি এ হত্যার শিকার হতে পারেন বলে এলাকার লোকজন অনুমান করছে। বৃহস্পতিবার দুপরে এ রিপোর্ট লেখা (দুপুর ২টা) পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। তবে পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ১টি ছুরি উদ্ধার করেছে।
