গাজীপুরের সিটি মেয়র ২ দিনের রিমান্ডে

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৫, ১৭:১৬

গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক এমএ মান্নানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে তাকে গাজীপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা গেছে, গাজীপুরে বাসে পেট্রোল বোমা মেরে অগ্নিসংযোগের মামলায় তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে জয়দেবপুর থানার এসআই মনির হোসেন গাজীপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন। রিমান্ড বাতিল চেয়ে জামিনের জন্য আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। শুনানি শেষে ওই আদালতের বিচারক মনোয়ারা বেগম সিটি মেয়র এমএ মান্নানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ, বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে ঢাকা বারিধারার ডিওএইচএস’র নিজ বাসা থেকে গাজীপুর সিটি মেয়র অধ্যাপক এম এ মান্নানকে  গ্রেফতার করে পুলিশ। গত ৪ ফেব্রুয়ারি রাতে গাজীপুরের নলজানি এলাকায় বাসে পেট্রোল বোমা হামলা হয়। এতে ৫ জন দগ্ধ হয়। পর দিন জয়দেবপুর থানার এএসআই রেজাউল করিম-২ বাদি হয়ে অধ্যাপক এমএ মান্নানকে হুকুমের আসামি করে ৩৯ জনের নামে এবং আরো ১০/২০ জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি দায়ের করেন। আদালত রিমান্ড মঞ্জুর করায় বিএনপিপন্থী আইনজীবীরা তাৎক্ষণিক আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন।