বিজিবি মহাপরিচালকের কুষ্টিয়া ও মেহেরপুরের সীমান্ত পরিদর্শন

আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ২১:৪১

ইত্তেফাক রিপোর্ট

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের সবচেয়ে দুর্গম চরাঞ্চল হিসেবে পরিচিত চরচিলমারী ও উদয়নগর বিওপি এবং মেহেরপুরের সীমান্ত এলাকার বাজিতপুর বিওপি পরিদর্শন করেছেন।

বিজিবির মহাপরিচালক সোমবার সকালে কুষ্টিয়ার চরচিলমারী, উদয়নগর এবং মেহেরপুরের বাজিতপুর বিওপি পরিদর্শন করেন। চরচিলমারী সীমান্তে যাতায়াতের সড়ক বা উপযুক্ত রাস্তা না থাকায় চর এলাকার মধ্যদিয়ে বিজিবি মহাপরিচালক নিজে মোটরসাইকেল চালিয়ে বিওপিতে যান এবং কিছু স্থানে মোটরসাইকেল চালানো সম্ভব না হওয়ায় সেখানে হেঁটে অতিক্রম করেন। বিওপি পরিদর্শনকালীন সময়ে তিনি চরচিলমারী বিওপিতে নিয়োজিত বিজিবি সদস্যদের সঙ্গে আন্তরিক পরিবেশে কথা বলেন এবং তাদের কুশলাদি সম্পর্কে বিস্তারিত খোঁজ-খবর নেন। এ সময় তিনি বিজিবি সদস্যদের উদ্দেশ্যে দেশপ্রেম, শৃঙ্খলা, সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে সীমান্ত রক্ষার পবিত্র দায়িত্ব পালনে প্রেষণামূলক বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। এর পরপরই তিনি পার্শ্ববর্তী উদয়নগর বিওপি পরিদর্শন করেন। উল্লেখ্য যে, চরচিলমারী ও উদয়নগর বিওপিতে বিজিবির কোন মহাপরিচালকের এটাই প্রথম পরিদর্শন।

পরবর্তীতে বিজিবি মহাপরিচালক চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের আওতাধীন মেহেরপুরের বাজিতপুর বিওপি পরিদর্শন করেন। সোমবার রাতে বিজিবি মহাপরিচালক খুলনার বিভাগীয় কমিশনার এবং কুষ্টিয়া জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।