আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, পৃথিবীর কোথাও সন্ত্রাসী,জঙ্গি,নৈরাজ্য সৃষ্টিকারীদের সাথে আলোচনা হয় না, তাদের দমন করা হয়।
তিনি বলেন, যারা সংলাপের কথা বলছেন তারা পেট্রোলবোমা নিক্ষেপকারীও দুষ্কৃতিকারীদের উৎসাহ দিচ্ছেন। যারা দেশেকে জ্বালিয়ে দিতে চায় আপনারা তাদের সাথে আলোচনায় বসার জন্য সরকারকে আহবান জানাচ্ছেন।
শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে ড.হাছান মাহমুদ একথা বলেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী এড.কামরুল ইসলাম।
হাছান মাহমুদ আরো বলেন, বিশ্ব ভালোবাসা দিবসে জনগনের প্রত্যাশা বিএনপি নেত্রী বেগম জিয়ার মনে যেন মানুষের জন্য হিংসার বদলে ভালোবাসা জাগ্রত হয়। দেশের মানুষ প্রত্যাশা করছে আপনি নৈরাজ্য ও পেট্রোলবোমার রাজনীতি পরিহার করবেন এবং আন্দোলনের নামে মানুষ হত্যার দায় স্বীকার করে জাতির কাছে ক্ষমা চেয়ে নিয়মতান্ত্রিক রাজনীতির ধারায় ফিরে আসবেন।
তিনি বলেন, দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে দেশের সর্বস্তরের জনগণ রাজপথে নেমে এসেছে। যেখানেই পেট্রোলবোমা নিক্ষেপকারী ও নাশকতাকারী ধরা পড়ছে সেখানেই জনগণের প্রতিরোধের মুখে পড়ছে। কিছুদিন পরে এদের পৃষ্ঠপোষকতাকারী বিএনপি-জামাতের নেতাকর্মীরাও জনগনের গণধোলাইয়ের শিকার হবে।
সংগঠনের উপদেষ্টা আলহাজ হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মো.গোলাম কুদ্দুছ, পেশাজীবি সমন্বয় পরিষদের মহাসচিব অধ্যাপক কামরুল হাসান খান প্রমুখ।
