পঞ্চগড় প্রতিনিধি
আপনি কি দরিদ্র অসহায়, অসচ্ছল মানুষ, আপনি কি রাষ্ট্রের একজন নাগরিক, আইনি পরামর্শ ও সহায়তা চান? তাহলে ফোন করুন সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন টোল ফ্রি ১৬৪৩০ নম্বরে কল করুন। এই নম্বরে বিনামূল্যে ফোন করে সকলেই পাবেন আইনি পরামর্শ ও সহায়তা। এখানে যোগাযোগ করে বিকল্প বিরোধ নিষ্পত্তি, মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ, ডিএনএ টেস্টের ব্যয় পরিশোধ, মামলার খরচ যোগানে সহায়তা প্রদান করা হবে। এছাড়া “বিডি লিগ্যাল এইড” অ্যাপসের মাধ্যমে স্মার্ট মোবাইল ফোনের সাহায্যে জানা যাবে সরকারি আইনি সেবার প্রয়োজনীয় সব তথ্য।
রবিবার রাতে পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত “উন্নয়নের অগ্রযাত্রায়, সরকারি আইনি সেবার সাফল্য প্রচার ও প্রসারে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ভূমিকা” শীর্ষক সেমিনারে এসব তথ্য জানানো হয়।
সেমিনারে জেলা লিগ্যাল এইড কর্মকর্তা (সিনিয়র সহকারী জজ) কামরুল হাসান উন্নয়নের অগ্রযাত্রায় সরকারি আইনি সেবার ডিজিটাল ব্যবস্থাপনার সাফল্য চিত্র উপস্থাপন করেন। সেমিনারে পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ুন কবীর সরকার, সিনিয়র সহকারী জজ মোঃ জয়নাল আবেদীন, সহকারী জজ মিনহাজুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এহতেশাম রেজা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাঈমুল হাছান, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আমিনুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা আব্দুল আল মামুন কাওসার, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম, সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, সাজ্জাদুর রহমান সাজ্জাদ প্রমুখ মুক্ত আলোচনায় অংশ নেন।
