রাজধানীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কামাল হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার রাতে মহানগর নাট্যমঞ্চের ভেতরে পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এসময় পুলিশ তিন রাউন্ড গুলিভর্তি একটি পিস্তল, একশ’ পিস ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের দাবি কামাল পল্টন থানার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। পল্টন থানা পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১টার দিকে মাদক ও অস্ত্র ক্রয়-বিক্রয় হবে এমন তথ্য পেয়ে অফিসার ইনচার্জ থানা পুলিশের একটি দল নিয়ে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৪/৫ জন দুর্বৃত্ত গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে একজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি চায়না পিস্তল, ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি পল্টন মডেল থানার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী কামাল হোসেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পল্টন থানায় ১০টি ও রমনা থানায় ৪টি মামলা রয়েছে। গোলাগুলির সময় পুলিশের দুইজন সদস্য আহত হন। তারা রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিত্সাধীন আছে। এ ঘটনায় পল্টন থানায় তিনটি মামলা করা হয়েছে।
