নারায়ণগঞ্জে যাত্রীবাহী একটি ট্রেনে আগুন দিয়েছে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা। রোববার রাত ১১টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলওয়ে স্টেশনে থাকা ওই ট্রেনটির দুটি বগিতে আগুন দেয়ার এই ঘটনা ঘটে। ওই সময়ে যাত্রীরা দ্রুত নেমে গেলে কোন ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেন রাত ১০টা ৫০ মিনিটে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেল স্টেশনে এসে পৌছায়। রাত ১১টা ৫মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। এরই মধ্যে ট্রেনের ইঞ্জিন ঘুরানোর সময় পেছনের দুটি বগিতে কে বা কারা আগুন দেয়। মুহূর্তের মধ্যে আগুন বগিতে ছড়িয়ে পড়ে। হঠাৎ করেই দুর্বৃত্তরা দ্রুত আগুন দিয়ে পালিয়ে যায় বলে জানান গোলাম মোস্তফা। তিনি বলেন, ‘রাত ১১টা ৫ মিনিটের ট্রেনটি কখন ছেড়ে যাবে সেটা এখনো নিশ্চিত না। তবে রাতে ট্রেন নাও চলতে পারে।’
নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহজালাল জানান, রেলস্টেশনের নিরাপত্তার দায়িত্বে রয়েছে জিআরপি পুলিশ ও আনসার। তিনি জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধাঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে।
আনসারের দায়িত্বে থাকা কমান্ডার সেলিম মিয়া জানান, তাদের একটি টিম চাষাঢ়া হতে কেন্দ্রীয় রেল স্টেশনে ট্রেনের পেছনে আসার আগেই দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়
