বগুড়ায় যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার সকালে শহরের ঠনঠনিয়ায় অবস্থিত ঢাকা বাসস্ট্যান্ডে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পুলিশ দুর্বৃত্তদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে।
এর আগে রবিবার রাতে বগুড়া-রংপুর মহাসড়কে মহাস্থান এলাকায় একটি গরু বহনকারী ট্রাক এবং মাটিডালিতে একটি সিএনজি চালিত অটোরিকশায় অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ছয়টার দিকে ঢাকা থেকে যাত্রী নিয়ে যাত্রীবাহী বাসটি বগুড়া শহরের ঠনঠনিয়া বাসস্ট্যান্ডে পৌঁছে। বাসটির যাত্রীরা নেমে যাওয়ার পর পরই হঠাৎ একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। বাসস্ট্যান্ডে দায়িত্বে থাকা পুলিশ দুর্বৃত্তদের লক্ষ্য করে গুলি ছুড়লে তারা পুলিশকে লক্ষ্য করে ৫/৬টি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এ সময় বাসস্ট্যান্ডে উপস্থিত যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পাশেই অবস্থান করা দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভাতে সক্ষম হলেও বাসটি সম্পূর্ণরুপে পুড়ে গেছে।
এছাড়াও রাতভর শহরের বিভিন্ন এলাকায় ক্ষণে ক্ষণে ককটেলের বিস্ফোরণ ঘটে।
বগুড়া সদর থানার সেকেন্ড অফিসার (উপ-পরিদর্শক) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।
