নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘আমরা খালেদা জিয়ার ঘুম ভাঙাতে এসেছি।’ সোমবারের শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করে। সেখানে সংগঠনের আহ্বায়ক শাজাহান খান এই কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা খালেদা জিয়ার ঘুম ভাঙাতে এসেছি। আপনি (খালেদা জিয়া) হরতাল-অবরোধের নামে মানুষ খুন করে চলছেন। বোমাবাজি করছেন। চোরাগোপ্তা হামলা করে সাধারণ মানুষ, শ্রমিক হত্যা করছেন। অবরোধ-হরতালে খুন বন্ধ করুন।’
এর আগে সকাল থেকে কর্মসূচি পালনের উদ্দেশে সকাল থেকে গুলশান সেন্ট্রাল পার্কে জড়ো হতে থাকেন সমন্বয় পরিষদের নেতা-কর্মীরা। তারা বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে হরতাল-অবরোধ বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধের নামে ভাঙচুর, অগ্নিসংযোগ, নাশকতা ও পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার প্রতিবাদে এই কর্মসূচি পালন করেছে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ।
