আশুলিয়ায় শ্রমিক কলোনিতে আগুন, ১২ ঘর পুড়ে ছাই

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ০০:২৯

সাভার উপজেলার আশুলিয়ায় একটি শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কলোনিটির ১২টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দুপুরে বেরন এলাকার শাহেদ আলীর মালিকানাধীন শ্রমিক কলোনিতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানায়, দুপুরে হঠাত্ ঐ কলোনির ভেতর একটি কক্ষ থেকে কালো ধোঁয়ার কুণ্ডলি বের হতে থাকে। মুহূর্তের মধ্যে তা দ্রুত আশপাশের বেশ কয়েকটি কক্ষে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা নিজ উদ্যোগে আগুন নিভানোর চেষ্টার পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে শ্রমিক পল্লীর ১২টি ও এর ভিতর থাকা সমস্ত মালামাল পুড়ে যায়।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ন আহমেদ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।