কুমিল্লার দেবিদ্বারে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার ঘটনায় অস্ত্রসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার রাজামেহার ইউনিয়নের সাইতলা আলহাজ্ব জুনাব আলী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনার পর স্থানীয় জনতা তাদের আটক করে দেবিদ্বার থানা পুলিশে দেয়।
আটককৃতরা হলেন- কুমিল্লার চান্দিনা উপজেলার নাওতলা গ্রামের আব্দুল মতিন এর ছেলে ইয়াছিন (১৮), একই গ্রামের মোসলেম মেম্বারের ছেলে শাকিবুল হাসান (২০) ও আলী আশরাফ এর ছেলে আতিকুর রহমান (১৮)।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুক জানান, রবিবার দুপুরে বিদ্যালয়ের শ্রেণিকার্য চলাকালীন সময়ে স্থানীয় কতিপয় বখাটে যুবক বিদ্যালয়ের মাঠে ক্রিকেট খেলা শুরু করে। এসময় আমরা তাদের বাধা দিলে বখাটেরা আমাদের সাথে অশোভন আচরণ করে।
সোমবার দুপুরে একই ভাবে শুরু করার পর আমরা আবারও নিষেধ করলে সন্ত্রাসীরা চাপাতি, রামদাসহ বিভিন্ন অস্ত্র নিয়ে আমাদের ধাওয়া করে। আমরা ভয়ে বিদ্যালয়ের অফিস কক্ষের দরজা বন্ধ করে দেওয়ায় সন্ত্রাসীরা এলোপাথারী ভাবে বিদ্যালয়ের দরজা-জানালা কুপিয়ে ভাঙ্গচুর করে। এসময় বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে আমাদের রক্ষা করে এবং তিন জনকে আটক করে।
খবর পেয়ে দেবিদ্বার থানার উপ-পরিদর্শক (এস.আই) জাকির হোসেন ও (এস.আই) নূরুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে আটক তিনজনকে গ্রেফতার করে এবং তাদের ব্যবহৃত কয়েকটি চাপাতি, কিরিচ ও রামদা উদ্ধার করে।
এ ব্যাপারে দেবিদ্বার থানার অফিসার ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান জানান, এ হামলার ঘটনায় অস্ত্রসহ পৃথক দুইটি আইনে থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
