মুন্সীগঞ্জ সদরের কালিরচর গ্রাম সংলগ্ন মেঘনা নদী থেকে বুধবার বিকালে নিখোঁজ তিন মাসের শিশু মোহাম্মদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার বিকালে মেঘনা নদী থেকে মা কহিনুর রহমান ইভার (৩০) মরদেহ উদ্ধার করা হয়। চরআব্দুল্লাহ নৌ-ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, সোমবার বিকালে ঢাকার সদরঘাট থেকে এমভি ইমাম হাসান-২ নামক লঞ্চটি চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেয়। লঞ্চটি চাঁদপুরের ষাটনল এলাকার মেঘনা নদীতে পৌঁছালে শিশু মোহাম্মদ পানিতে পড়ে গেলে সন্তানকে বাঁচাতে মা ইভা নদীতে ঝাঁপ দেন। এরপর মা ও সন্তান দু’জনই নিখোঁজ হন। শিশুটির মরদেহ তার নানা নাসির উদ্দিনের কাছে হস্তান্তর করা হয়েছে।
কহিনুর রহমান ইভা মুন্সীগঞ্জ শহরের শিলমন্দি এলাকার জিয়াউর রহমানের স্ত্রী। জিয়াউর রহমান একটি কোরিয়ান কোম্পানির প্রকৌশলী বলে জানা গেছে। তিনি স্ত্রী-সন্তান নিয়ে ঢাকার মোহাম্মদপুরে বাসা ভাড়া নিয়ে ছিলেন।
