সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুরে স্ত্রী হত্যার দায়ে পাষণ্ড স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্ত মহির উদ্দিন (৪৬) শাহজাদপুর উপজেলার কান্দাপাড়া গ্রামের আবু আক্তারের ছেলে। সোমবার দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা নাজির এ রায় প্রদান করেন। একই সঙ্গে তিনি আসামিকে ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
আদালতের এপিপি আনোয়ার পারভেজ লিমন জানান, যৌতুক নিয়ে বিরোধের জের ধরে ২০১২ সালের ২৪ অক্টোবর রাতে মহির উদ্দিন তার স্ত্রী আম্বিয়াকে শ্বাসরোধ ও কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় তাকে এলাকাবাসী আটক করে। পরদিন আম্বিয়ার ভাই সিরাজুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে পুলিশ অভিযোগপত্র দেওয়ার পর দীর্ঘ শুনানি শেষে এ রায় প্রদান করে আদালত।
