জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মানিকগঞ্জ কার্যালয়ের অভিযানের খবর পেয়ে জেলার সাটুরিয়ার এম, আর নামল ইটভাটার মালিক ও ম্যানেজার ভাটা ছেড়ে পালিয়েছেন। ঘটনাটি ঘটেছে জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের হাজিপুর গ্রামে।
বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল উপজেলার বালিয়াটিতে অভিযান পরিচালনা করার সময় এ ঘটনা ঘটে। এদিন তিনি হাজিপুর গ্রামে অবস্থিত মেসার্স ট্রিপল বি ব্রিকসকে পরিমাপে কারচুপি করায় ৫০ হাজার টাকা জরিমানা করেন। এ জরিমানা আদায়ের খবর পেয়ে পার্শ্ববর্তী মেসার্স এম, আর ব্রিকসের মালিক মোঃ আলী ও ম্যানেজার পালিয়ে যান। পরে এম, আর ব্রিকসকে পরিমাপে কারচুপির দায়ে ও প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। তবে মালিক পালিয়ে যাওয়ায় এ জরিমানা আদায় করা হয়নি। আগামী এক কর্ম দিবসের মধ্যে তাদের জরিমানার টাকা পরিশোধ করতে বলা হয়েছে।
আসাদুজ্জামান রুমেল বলেন, জরিমানার টাকা পরিশোধ না করলে ভাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ দিনের অভিযানে সহযোগিতা করেছে মানিকগঞ্জ জেলা ক্যাবের সদস্য, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
