দক্ষিণ আফ্রিকাকে নিয়ে চিন্তিত টেন্ডুলকার

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৫, ১৭:৩৫
 
 
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরবর্তী ম্যাচকে সামনে রেখে ভারতীয় দলকে সতর্ক করে দিয়ে মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকার বলেছেন, ‘প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানের তুলনায় অনেক বেশী কঠিন প্রোটিয়াসরা।’
 
চার বছর আগে ঘরের মাঠ মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে এই ব্যাটিং কিংবদন্তীর হাত ধরেই শ্রীলংকাকে হারিয়ে বিশ্বকাপ জয় করেছিল ভারত। ২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের আগে ছয়টি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা ছিল টেন্ডুলকারের। চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে রবিবার এডিলেডে ৭৬ রানের দাপুটে জয়ের মাধ্যমে এবারের বিশ্বকাপ মিশন শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। টেন্ডুলকারের অনুপস্থিতিতে দলের নতুন ব্যাটিং স্তম্ভ বিরাট কোহলি অবশ্য ভারতীয় সমর্থকদের হতাশ করেননি। দূর্দান্ত এক সেঞ্চুরিসহ ১০৭ রানের ইনিংস উপহার দিয়ে দলের জয়ে মূখ্য ভূমিকা পালন করেছেন। এরপরেও টেন্ডুলকার মনে করেন দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করতে হলে উদ্বোধনী জুটিতে শক্তিশালী ইনিংস খেলার পাশাপাশি রানিং বিটউইন দ্য উইকেটে সাবধানী হতে হবে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রবিবারের ম্যাচে এবারের আসরের অন্যতম ফেবারিট দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় তুলে নিতে হলে ভারতকে অবশ্যই এই বিষয়গুলোর প্রতি দৃষ্টি দিতে হবে।
 
এক টেলিভিশন সাক্ষাতকারে টেন্ডুলকার বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিঙ্গেলস তুলে নেয়া খুব একটা সহজ নয়। তারা ফিল্ডিংয়ে অত্যন্ত দ্রুত। আউটফিল্ড থেকে তাদের থ্রোগুলো অনেক বেশী শক্তিশালী। পাকিস্তানের তুলনায় তারা বিভিন্ন জায়গায় নিজেদের ফিল্ডিংয়ের প্রমাণ দিয়েছে।’