মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৩৩

নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে গতকাল বুধবার বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বর্ণাঢ্য শোভাযাত্রা বের করাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে বিকাল তিনটায় রাজধানীর ধানমন্ডিস্থ ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় সংগঠনের সভাপতি সাফিয়া বেগম, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম, সহ-সভাপতি তাসলিমা খাতুন, কেয়া চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক শিখা রানী, সাংগঠনিক সম্পাদক সুলতানা রাজিয়া পান্না, কার্যনির্বাহী কমিটির সদস্য সাবিনা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগ ও দক্ষিণ মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

এ উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পাশে মহিলা আওয়ামী লীগের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শোভাযাত্রার উদ্বোধন করেন।