রাজাপুর (ঝালকাঠী) সংবাদদাতা
নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে মনোনয়ন প্রত্যাশীরা নিজ নিজ উদ্যোগে ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড ও পোস্টার অপসারণ না করায় প্রশাসনের পক্ষ থেকে এসব অপসারণের ব্যবস্থা করা হয়েছে। উপজেলা সদরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মনোনয়ন প্রত্যাশী সকল প্রার্থীর ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড ও পোস্টার বিভিন্ন স্থানে লাগানো রয়েছে। নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থী ছাড়া রাজনৈতিক কর্মী নেতাদের পোস্টারও দেখা গেছে। নির্বাচনকেন্দ্রিক এসব পোস্টার অপসারণের কঠোর নির্দেশ দেওয়া হলেও গত কয়েকদিনে কোনো অগ্রগতি হয়নি। নির্বাচন কমিশনের নির্দেশ মতে ১৮ নভেম্বরের মধ্যে সকল ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড ও পোস্টার মনোনয়ন প্রত্যাশীরা নিজ নিজ উদ্যোগে অপসারণ না করায় ১৯ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা বেগম পারুল থানা পুলিশের সহায়তায় নির্বাচনকেন্দ্রিক ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড ও পোস্টার অপসারণ করেন। সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত অপসারণের কাজ চলে।
