বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপির রাজনীতি দুঃখজনক:তথ্যমন্ত্রী

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৩৪

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বিএনপির উদ্দেশে বলেছেন, আপনাদের রাজনীতি খালেদা জিয়ার হাঁটুর ব্যথার মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। তার স্বাস্থ্য নিয়ে আর রাজনীতি করবেন না। খালেদা জিয়া কয়েদি হিসেবে কারাগারে যেসব সুবিধা পাচ্ছেন, ভারতবর্ষের ইতিহাসে অন্য কোনো ব্যক্তি এসব সুবিধা ভোগ করতে পারেননি। তারপরও খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপির রাজনীতি দুঃখজনক।

গতকাল বুধবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় প্রখ্যাত চলচ্চিত্রকার আলমগীর কুমকুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হাছান মাহমুদ বলেন, বিএনপি শুধু মিথ্যাচার করতে পারে। তারা শেখ হাসিনা সরকারের তৈরি করা সেতু, ফ্লাইওভার দিয়ে গাড়ি নিয়ে যায় আর বলে দেশের উন্নয়ন হয়নি। তারা বলেছিল পদ্মা সেতু হবে না। পদ্মা সেতুর ৭০ ভাগ কাজ শেষ।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমামের সভাপতিত্বে আলোচনায় আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, চিত্রনায়িকা রোজিনা, প্রখ্যাত কণ্ঠশিল্পী রফিকুল আলম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক জেনিফার ফেরদৌস, সদস্য সাবরিন শাকা মিম, মুসতাসিম বিল্লাহ, শাহনূর প্রমুখ বক্তব্য রাখেন।