অননুমোদিত ভারতীয় ওষুধ বাংলাদেশের বাজারে বিপণন করার দায়ে ‘গ্লওনিউট্রা’ নামের একটি ওষুধ ডিস্ট্রিবিউটার প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা এবং ৩০ লাখ টাকার ওষুধ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঔষধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মোরশেদ।
ভ্রাম্যমাণ আদালত জানায়, গত সোমবার বিকালে গুলশান-১ এর ১৩২ নম্বর রোডের ৫৬/এ হোল্ডিংয়ের গ্লওনিউট্রা নামের বিপণন প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ঔষধ অধিদপ্তরের ছাড়পত্র ও রেজিস্ট্রেশন ব্যতিরেকে অননুমোদিত ভারতীয় ওষুধ বাংলাদেশের বাজারে বিপণন করার দায়ে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. নাছির উদ্দিনকে নগদ ৪০ হাজার টাকা জরিমানা এবং ৩০ লাখ টাকার বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করা হয়।
