‘হত্যা বন্ধে বেগম জিয়াকে আরেকটি চিঠি লিখুন’

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৫, ১৯:৪৩

জাতিসংঘের মহাসচিব বান কি মুনের প্রতি অবুরোধ জানিয়ে আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাবেক পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আপনার প্রতি অনুরোধ থাকলো আপনি (বান কি মুন) বিএনপি নেত্রীকে আরেকটি চিঠি লিখুন, তিনি (বেগম
জিয়া) যেন রাজনীতির নামে মানুষ হত্যা-নৈরাজ্য বন্ধ করেন এবং জাতির কাছে ক্ষমা চান।বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় আলাপ-আলোচনায় বিশ্বাস করে। তবে আলোচনা হবে রাজনৈতিক দলের সাথে, কোন জঙ্গি দল কিংবা জঙ্গি জোটের নেত্রীর
সাথে নয়। প্রসঙ্গত গতকাল জাতিসংঘের মহাসচিব আলোচনায় বসার জন্য সরকার এবং বিএনপির নেত্রীর কাছে চিঠি দিয়েছেন।
বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সৈনিক লীগ আয়োজিত ‘বিএনপির মানুষ হত্যা-নৈরাজ্যের’ প্রতিবাদে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ এসব কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেছেন, পৃথিবীর কোথাও সন্ত্রাসী কিংবা মানুষ হত্যাকারীদের সাথে সংলাপ হয় না। তাদের দমন করা হয়। আল কায়েদার সাথে কোন আলোচনা হয়নি বরং তাদের দমন করা হয়েছে। আইএস জঙ্গিদের সাথেও কোন আলোচনা হয়নি, তাদের
দমন করা হচ্ছে। বিএনপি নেতৃত্বাধীন বিশ দলীয় জোট এখন জঙ্গি জোটে, সন্ত্রাসীদের দলে পরিণত হয়েছে। তাদের সাথেও কোন আলোচনা হবে না বরং দমন করা হবে।
হাছান মাহমুদ তার বক্তব্যে বলেন, বেগম জিয়া নিজের বাসায় ফিরে না গিয়ে দেড় মাস ধরে তার কার্যালয়ে অবস্থান করছেন। তিনিসহ তার কার্যালয়ের কর্মচারীরা এতদিন ধরে ভিতরে রান্না করা খাবার খাচ্ছেন। কিন্তু হঠাৎ করে বেগম জিয়া নতুন নাটক মঞ্চস্থ
করছেন। দেখা যাচ্ছে তার কার্যালয়ে প্রায় পঞ্চাশ-একশজনের মতো খাবার-দাবার, তরি-তরকারি যাচ্ছে। এখন জনগণের প্রশ্ন হলো কার জন্য এতো খাবার ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে? বেগম জিয়াসহ তার কার্যালয়ের কর্মচারীর সংখ্যা সর্বসাকুল্যে আট/দশ জন
হবে। তাহলে এতো খাবার কার জন্য? তাহলে কি বেগম জিয়া তার কার্যালয়ে সন্ত্রাসী- পেট্রোলবোমা নিক্ষেপকারীদের আশ্রয় দিয়েছেন? যাদের জন্য এতো খাবার।
তিনি আরো বলেন, সরকারকে অনুরোধ জানাবো গুলশানের কার্যালয়ে কোন সন্ত্রাসীকে লুকিয়ে রাখা হয়েছে কিনা যাদের জন্য এতো খাবার নেয়া হচ্ছে তা যেন তল্লাশি চালানো হয়।             
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাড. শামসুল হক টুকু, এমএ করিম, অরুণ সরকার রানা প্রমুখ।