বঙ্গবন্ধু নারীর ক্ষমতায়নে বিশ্বাসী ছিলেন: স্পিকার

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৩৫

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশের সংবিধান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনন্য উপহার। ১৯৭২ সালের বঙ্গবন্ধুর এ সংবিধানে সংরক্ষিত মহিলা আসনের বিধান রয়েছে। এই বিধান বিশ্বের অনেক দেশেই নেই,  সেকারণে সেখানকার নারীরা দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করছেন। বঙ্গবন্ধু নারীর ক্ষমতায়নে বিশ্বাসী ছিলেন এবং তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন পুরুষের পাশাপাশি নারীদেরও এগিয়ে নিতে হবে।

গতকাল বুধবার সংসদ ভবনের শপথ কক্ষে একাদশ সংসদে প্রথমবারের মতো নির্বাচিত সংসদ সদস্যদের দুই দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মসূচির দ্বিতীয় পর্বের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী (লিটন চৌধুরী)।

স্পিকার বলেন, একাদশ সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম ১০ বৈঠকেই ৫০টি স্থায়ী কমিটি গঠন করেছেন। তিনি সংসদে বসেই  কমিটিতে সংসদ সদস্যদের নামসমূহ অন্তর্ভুক্ত করেছেন, যা তার কর্মের একনিষ্ঠতার প্রমাণ বহন করে। প্রধানমন্ত্রীর হাতে লেখা কমিটির রেকর্ড সংসদে গুরুত্বপূর্ণ দলিল হিসেবে সংরক্ষণ করা হবে।