নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় চাকরীর প্রলোভনে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া নারীর সহযোগিতায় তারই স্বামী এ ধর্ষণ করে। বুধবার বিকেলে ওই স্কুল ছাত্রী বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছে।
গ্রেপ্তারকৃত মাকসুদা বেগম ফতুল্লার ভূইগড় এলাকার রকিব মিয়ার স্ত্রী। স্বামী-স্ত্রী ভূইগড় শান্তিধারা এলাকায় অবস্থিত জাস এ্যাপারেলস গার্মেন্টের শ্রমিক। বুধবার রাতে ফতুল্লার মাহমুদপুর এলাকা থেকে মাকসুদাকে গ্রেপ্তার করা হয়।
ধর্ষনের শিকার মেয়ের পিতার বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার এসআই আমির হোসেন জানান, চাঁদপুর জেলার উত্তর মতলব কলসভাঙ্গা গ্রাম থেকে পূর্ব পরিচিত দরিদ্র পরিবারের সপ্তম শ্রেনীর এক ছাত্রীকে চাকরীর প্রলোভন দেখিয়ে গত শুক্রবার ফতুল্লার ভুইঘড় এলাকায় ডেকে আনে মাকসুদা। এরপর তার স্বামী রকিবকে দিয়ে ধর্ষণ করায়। এতে মেয়েটি অসুস্থ হয়ে পড়ে।
ঘটনার পর মেয়েটি তার বাবাকে মোবাইল করে জানালে তার বাবা এসে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করায়। চিকিৎসা শেষে বুধবার বিকেলে থানায় রকিব মিয়া ও তার স্ত্রী মাকসুদকে আসামী করে অভিযোগ করেন।
