কালিহাতীতে আনসার ও ভিডিপির সমাবেশ
কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা কালিহাতীতে রবিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব ও কর্তব্য পালনে উদ্বুদ্ধকরণের প্রয়াসে উপজেলা আনসার ও ভিডিপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই সমাবেশে জাতীয় নির্বাচনসহ বিভিন্ন নির্বাচনে দায়িত্ব পালন ছাড়াও এ বাহিনীর সদস্যগণকে রেল রক্ষা, মহাসড়কে নাশকতা রোধ এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মইনুল ইসলাম পিএএম। উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথের সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল খালেক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পরিষদের সিএটু আবুল কালাম আজাদ ও উপজেলা প্রশিক্ষক আব্দুল বাছেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাফিসা আক্তার, কালিহাতী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আনছার আলী বিকম উপজেলা আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার জাকির হোসেন প্রমুখ।
সোনাতলায় নারী-শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা
সোনাতলা (বগুড়া) সংবাদদাতা সোনাতলা উপজেলা প্রশাসন ও গণউন্নয়ন কেন্দ্র বগুড়া-এর আয়োজনে উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির ত্রি-মাসিক সভা উপজেলা মিলেনিয়াম হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. শফিকুর আলমের সভাপতিত্বে সোমবার দুপুরে সভাটি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জনা খাঁন, উপজেলা শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম, মেডিক্যাল অফিসার ডা. রাজিয়া সুলতানা, থানার এসআই আব্দুল মান্নান, এএসআই শাহানাজ, ইউএনএফপিএ বগুড়া জেলা সহায়ক মাসুদা ইসলাম, আস্থা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী (গণউন্নয়ন কেন্দ্র) মোখলেছুর রহমান, কেইস ম্যানেজার তানিয়া তাসমিন, উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক সামছুল আরেফিন ও সোনাতলা প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন মজনু প্রমুখ। সভায় সার্ভিস ম্যাপিং বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মাদারীপুরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান
মাদারীপুর প্রতিনিধি জেলা সদরের গণগ্রন্থাগারের আয়োজনে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে গতকাল সোমবার পুরস্কার বিতরণ করা হয়। জাতীয় শোক দিবস ও চতুর্থ উন্নয়ন মেলা উপলক্ষে শিশুদের মধ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। গণগ্রন্থাগার মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাইব্রেরিয়ান মো. বেলায়েত হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন সরকারি নাজিমউদ্দিন কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. নুরুল হক মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি শেখ হাসিনা ইউমেন্স কলেজ অধ্যক্ষ জাকিয়া সুলতানা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার খান, এমএম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক শাহজাহান খান, সিনিয়র শিক্ষক রেজাউল করিম প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়ায় অ্যাডভোকেসি সভা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি “প্রাতিষ্ঠানিক ডেলিভারি বৃদ্ধি করি, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা নিশ্চিত করি” এ প্রতিপাদ্য নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খআম রশিদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পরিবার ও পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম, সহকারী পরিচালক, ডাক্তার মকবুল হোসেন, জেলা তথ্য অফিসার মো. আসাদুজ্জামান কাউসার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আকিব উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী। অনুষ্ঠানে শিশু ও মাতৃহার কমানোসহ নারী এবং শিশুদের উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়াও আগামী ২৪ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ সফল করতে সকলের সহযোগিতা কামনা করা হয়। সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ সুধীজন উপস্থিত ছিলেন।
বার্ডে কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ কোর্সের সমাপনী
কুমিল্লা প্রতিনিধি বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) কুমিল্লায় উচ্চপদস্থ কৃষি কর্মকর্তাদের জন্য প্রশাসন ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী গত রবিবার অনুষ্ঠিত হয়েছে। সমাপনী সভায় সভাপতিত্ব করেন বার্ডের পরিচালক (কৃষি ও পরিবেশ) ড. এ কে শরীফউল্লাহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বার্ডের পরিচালক (প্রশিক্ষণ) মিলন কান্তি ভট্টাচার্য্য, পরিচালক (পল্লী শিক্ষা) ও কোর্স পরিচালক ড. মাসুদুল হক চৌধুরী, উপ-পরিচালক ও সহযোগী কোর্স পরিচালক জোনায়েদ রহিম প্রমুখ। প্রশিক্ষণ কোর্সে কৃষি বিভাগের বৈজ্ঞানিক কর্মকর্তা ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা পর্যায়ের ২৯ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
নোয়াখালী-২ আসনে ধানের শীষের প্রার্থী হতে চান কাজী মফিজুর রহমান
সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) আসনে ধানের শীষের প্রার্থী হতে চান আলহাজ কাজী মফিজুর রহমান। তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। আলহাজ কাজী মফিজুর রহমান দীর্ঘদিন ধরে এ আসনের বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ, গণসংযোগ, উঠান বৈঠক, মতবিনিময়, মহিলা সমাবেশ করে যাচ্ছেন। তিনি এবার দলীয় মনোনয়ন পেতে দলের উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের পদ বঞ্চিত স্থানীয় বিপুল সংখ্যক সাবেক ছাত্র নেতাকে নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। তিনি তাদের নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে সভা-সামবেশ ও গণসংযোগ করে চলেছেন। এলাকায় দীর্ঘদিন ধরে আলহাজ কাজী মফিজুর রহমান দলীয় নেতাকর্মীসহ এলাকার অসহায়-দুস্থদের মাঝে নানাভাবে সাহায্য-সহযোগিতা করে আসছেন। তিনি সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালীন সময়ে এলাকায় ব্যাপক সুনাম অর্জন করেন। আলহাজ কাজী মফিজুর রহমান দলীয় নেতাকর্মীদের নিয়ে এলাকায় নির্বাচনী প্রচারাভিযানসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছেন। তিনি এ আসনে ধানের শীষের দলীয় মনোনয়ন ফেলে দল এ আসনটি উপহার দিতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
বামনায় স্কুল মিল কার্যক্রম পরিদর্শন
বামনা (বরগুনা) সংবাদদাতা বামনা উপজেলার ৪টি ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল মিল বিতরণ কার্যক্রম গতকাল সোমবার সরেজমিন পরিদর্শন করেন সচিব ও বিশ্ব খাদ্য সংস্থার একটি প্রতিনিধি দল। এ সময় তারা শিশুদের মাঝে বিতরণকৃত খাবার খিচুড়ির মান যাচাই এবং শিশুদের সঙ্গে মিলিত হন। এছাড়া খিচুড়ি তৈরির মেনু সবজির বাগানও পরিদর্শন করেন। প্রতিনিধিরা তিনটি টিমে ভাগ হয়ে উপজেলার গোলাঘাটা, গোপখালী ও জাফ্রাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। গত ৬ বছর ধরে বিশ্ব খাদ্য সংস্থার অর্থায়নে এনজিও সুশিলনের পরিচালনায় উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয় স্কুল মিল কার্যক্রম চলে আসছে । এতে প্রাথমিক বিদ্যালয়ে ঝরে পড়া শিক্ষার্থীর সংখা কমে আসছে। প্রতিনিধি দলের সদস্যরা হলেন প্রকল্প পরিচালক মো. রুহুল আমীন খান, বিশ্ব খাদ্য কর্মসংস্থার প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ওমর ফারুক, উপসচিব মো. মজিবর রহমান, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. কায়কোবাদ খন্দকার, বিশ্ব খাদ্য সংস্থার আন্তর্জাতিক প্রতিনিধি মালকোম ডোসি।
ময়মনসিংহ-৩ আসনে মাঠের রাজনীতিতে সক্রিয় বিএনপির হিরণ
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির মাঠের রাজনীতিতে সক্রিয় বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণ মনোনয়ন পেলে আসন পুনরুদ্ধারে আশাবাদী বলে মনে করেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও বিএনপির অধিকাংশ নেতা-কর্মী। আহাম্মদ তায়েবুর রহমান হিরণ ছাত্রজীবন থেকেই স্থানীয় ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। পর্যায়ক্রমে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০০৩ সালে তিনি ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। আহাম্মদ তায়েবুর রহমান হিরণ জানান, দলীয় নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষের জোর দাবির প্রেক্ষিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন তিনি। তাকে যদি বিএনপির মনোনয়ন দেওয়া হয়, তাহলে দলের নেতা-কর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীগণ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উক্ত আসনটি উপহার দিতে সক্ষম হবে।
বরগুনা-২ আসনে জাপার মনোনয়ন চান মিজানুর রহমান
বেতাগী (বরগুনা) সংবাদদাতা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসন থেকে মনোনয়ন চান জাতীয় পার্টির ভাইস প্রেসিডেন্ট, জেলা জাতীয় পার্টির প্রধান উপদেষ্টা, বরগুনা জেলার সাতবার সেরা করদাতা, মুন গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক বর্তমান পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিশিষ্ট শিল্পপতি মো. মিজানুর রহমান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জাপা থেকে মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান বলেন, ‘জাতীয় পার্টি ক্ষমতায় গেলে মানুষ সুখে থাকবে, শান্তিতে থাকবে। কারণ আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। আমরা মানুষের ভাগ্যের পরিবর্তন করব। একমাত্র লাঙলই দেশের মানুষের সুখ, শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।’ মিজানুর রহমান আরও বলেন, ‘বরগুনা-২ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী একমাত্র আমি। দলমত নির্বিশেষে বেতাগী, বামনা, পাথরঘাটায় আমার সুখ্যাতি রয়েছে। গত ১৪ নভেম্বর বুধবার বনানী জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে ১৫ নভেম্বর বৃহস্পতিবার জমা দিয়েছি এবং আশাবাদী মানুষের কল্যাণে কাজ করার সুযোগ পাব। এলাকায় সহস্রাধিক দুস্থ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি, শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, বিভিন্ন দান-অনুদান প্রদানসহ মসজিদ, মন্দির, বিদ্যালয় ও সামাজিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে মানোন্নয়নে অগ্রণী ভূমিকায় তার হাত রয়েছে।
নোয়াখালী-২ আসনে মনোনয়ন চান হাসান মঞ্জুর
ইত্তেফাক রিপোর্ট নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ীর একাংশ) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হতে চান সাবেক ছাত্রনেতা হাসান মঞ্জুর। নোয়াখালী জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ও সেনবাগ জাপার সভাপতি হাসান মঞ্জুর বলেন, ‘নোয়াখালীকে জাতীয় পার্টির ঘাঁটি হিসেবে গড়ে তুলতে চাই।’ পারিবারিকভাবেই সেনবাগের মানুষের পাশে দাঁড়ানো তার সহজাত বিষয়। হাসান মঞ্জুর ছাত্রজীবন থেকে এলাকার সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়নমূলক কাজে সক্রিয় বলে এলাকায় খ্যাতি রয়েছে। সেনবাগের জাপার তৃণমূল নেতা-কর্মীরাও তার মনোনয়নের পক্ষে। তাদের সঙ্গে নিয়েই হাসান মঞ্জুর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। স্থানীয় জাপা নেতারা জানান, এর আগে যত এমপি এসেছেন কেউ এই এলাকায় কাঙ্ক্ষিত উন্নয়ন করতে পারেননি। ডিজিটাল বাংলাদেশের যে অগ্রগতি তার সুফল কমই পেয়েছে এ উপজেলার মানুষ। তাই এ আসনে পরিবর্তন দরকার। জাপা নেতা হাসান মঞ্জুর এমপি হতে পারলে উন্নয়ন কর্মকাণ্ড বাড়বে বলে তারা মনে করেন।
০
