বরিশালে রোগীর স্বজনের সঙ্গে ডাক্তারদের সংঘর্ষ

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৫, ২১:৩১
 
চিকিৎকদের অবহেলায় গৃহবধূর মৃত্যুর অভিযোগে গত বুধবার রাতে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে হামলা চালিয়ে ভাংচুর করেছে মৃতের স্বজনরা। এসময় কর্মরত চিকিত্সকরা পাল্টা হামলা চালালে উভয়ের মধ্যে প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে পাঁচজন আহত হয়। গত বুধবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান- নগরীর ইছাকাঠি এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী আফরোজা আক্তার হৃদরোগে আক্রান্ত হয়ে গত বুধবার সন্ধ্যায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি হয়। রোগীর স্বজন বরিশাল সিটি কর্পোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফরিদ হোসেন অভিযোগ করে বলেন, রোগী ভর্তি হওয়ার পরও একাধিকবার দায়িত্বরত চিকিত্সকদের খবর দেওয়া হলেও তাদেরকে পাওয়া যায়নি। পরে রাত সাড়ে নয়টার দিকে রোগী মারা যায়। এ সময় উত্তেজিত স্বজনরা ক্ষুব্ধ হয়ে হাসপাতালের আসবাবপত্র ভাংচুর করে।
কোতয়ালী মডেল থানার ওসি জানান, পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দু’জনকে আটক করে থানায় নিয়ে আসলেও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ওই দু’জনকে ছেড়ে দেওয়া হয়।