'আলোর পাঠশালা'র এপস উদ্বোধন

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৫, ২৩:৩১


বিশ্বসাহিত্য কেন্দ্রের অনলাইনে বইপড়া কর্মসূচি 'আলোর পাঠশালা'র এপস (মোবাইল এপ্লিকেশন) উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বাংলামটোরস্থ বিশ্বসাহিত্য কেন্দ্রের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে এই এপস -এর উদ্বোধন করেন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা প্রকৌশলী অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী।
বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নাট্য ব্যক্তিত্ব খাইরুল আলম সবুজ, গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশন মি. মার্কাস এডাকটুসন প্রমুখ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শরীফ মো: মাসুদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মেসবাহ উদ্দিন আহমেদ সুমন।
আগামী ২১ ফেব্রুয়ারি থেকে 'আলোর পাঠশালা'র নতুন এই মোবাইল এপ্লিকেশন এর মাধ্যমে সবাই বইপড়ার সুযোগ পাবেন।
alorpathshala.org এবং গ্রামীণফোনের অ্যাপস্টোর (wap.gpstore.co) থেকে এই মোবাইল এপ্লিকেশন ডাউনলোড করা যাবে। গ্রামীণফোনের গ্রাহকরা গ্রামীণফোনের অ্যাপস্টোর থেকে বিনামূল্যে এই মোবাইল এপ্লিকেশন ডাউনলোড করার সুযোগ পাবেন।
অনলাইনে বইপড়াকে আরো সহজতর ও আকর্ষণীয় করার লক্ষ্যে 'আলোর পাঠশালা'র মোবাইল এপ্লিকেশন তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন এর আয়োজকরা।
অয়োজকরা আরো জানান, আলোর পাঠশালার মোবাইল এপ্লিকেশন ব্যবহার করে সবাই বাংলা ও বিশ্বসাহিত্যের নির্বাচিত সেরা বইগুলো পড়ার সুযোগ পাবেন। বই ডাউনলোড করে অফ লাইনেও এই এপ্লিকেশনে বইগুলো পড়া যাবে।