ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত ১

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৫, ১৩:১৮
ময়মনসিংহের কেওয়াটখালীতে শুক্রবার ট্রেনের ছাদ থেকে পড়ে একজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সেনা বহিনীর সদস্যসহ আহত হয়েছেন দুইজন।
ময়মনসিংহ রেলওয়ে থানার উপ-পরিদর্শক মোসলেহ্ উদ্দিন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী আন্তঃনগর হাওড় ট্রেনটি ময়মনসিংহ স্টেশনে শুক্রবার সকাল সোয়া ছয়টার দিকে প্রবেশ করার সময় কেওয়াটখালী রেলওয়ে ওভার ব্রিজে ধাক্কা খেয়ে ট্রেনের ছাদে থাকা তিনজন যাত্রী পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে অজ্ঞাত একজন যাত্রী মারা যান। এতে আহত হয় যশোর ক্যান্টনমেন্টে কর্মরত সেনা বাহিনীর সদস্য শাহীনসহ অজ্ঞাত আরেক যাত্রী।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আহত দুইজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করায়। উন্নত চিকিৎসার জন্য গুরুতর অহত সেনাবাহিনীর সদস্য শাহীনকে ময়মনসিংহ ক্যান্টনমেন্ট হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। যশোহর ক্যান্টনমেন্টের সেনা বাহিনীর সদস্য শাহীন ছুটি কাটাতে আন্তঃনগর হাওড় ট্রেনের ছাদে চড়ে বাড়ি যাচ্ছিলেন। পুলিশ অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।