দু’দিনের পুলিশ রিমান্ড শেষে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নানকে গতকাল শুক্রবার কাশিমপুর কেন্দ্রীয় হাই সিকিউরিটি কারাগারে প্রেরণ করা হয়েছে। গাড়িতে পেট্রোল বোমা মেরে আগুন দেয়ার ঘটনায় জয়দেবপুর থানায় দায়েরকৃত মামলায় দু’দিনের রিমান্ড শেষে অধ্যাপক এম এ মান্নানকে গাজীপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়। আদালত তাঁর জামিন না মঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আগামী ২৩ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
গাজীপুর পুলিশ লাইনের সামনে গত ৪ ফেব্রুয়ারি দুর্বৃত্তরা একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপে আহত হওয়ার ঘটনায় সিটি মেয়রসহ ৩৯ জনকে আসামি করে জয়দেবপুর থানায় মামলা দায়ের করে পুলিশ।
