আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস শনিবার পুষ্পস্তবক অর্পন করার সময় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে উপজেলা যুবদলের সভাপতি সাইফ আহম্মেদ সেকুল ও পৌর বিএনপি’র যুগ্ম সম্পাদক পুতুল মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, শনিবার ভোরে মদন উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করার সময় বিএনপি’র বিদ্রোহী গ্রুপের ফজলে এলাহী টুটন ও কবির মূলদলের যুবদলের সভাপতি সাইফ আহম্মেদ সেকুলকে রাজাকার বললে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে অফিসের সামনে দুই গ্রুপের সংঘর্ষ বাধে। পরে পুলিশ ও এলাকার লোকজন ব্যাপক প্রচেষ্টা চালিয়ে পরিস্তিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
