গুলশান কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৫, ২০:৫৯
শনিবার দুপুরের পর থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনের ৮৬ নম্বর সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ৮৬ নম্বর সড়কের উত্তর ও দক্ষিণ পাশে ব্যারিকেড দেয়া হয়। গত কয়েকদিন সেখানে পুলিশের উপস্থিতি তেমন লক্ষ্য করা যেত না। চেয়ারপারসনের প্রধান ফটকের সামনে যথারীতি স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) সদস্যদের চেয়ার-টেবিল নিয়ে অবস্থান করতে দেখা গেছে।
দুপুরের পর থেকে ৮৬ নম্বর রোডের স্থানীয় বাসিন্দাদের পরিচয় দিয়ে ওই সড়কে প্রবেশ করতে হয়। গণমাধ্যমকর্মীদেরও একই অবস্থা। তারা গাড়ি নিয়ে চেয়ারপারসনের কার্যালয়ের সামনে যেতে পারেননি। বাধ্য হয়ে পায়ে হেঁটে তাদের সেখানে যেতে হয়।
বাড়তি নিরাপত্তা দেওয়া প্রসঙ্গে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এটি নিয়মিত প্রক্রিয়ারই একটি অংশ।
তবে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়,বেগম জিয়ার কার্যালয়ে বাদ আসর ভাষা শহীদদের স্মরণে অনুষ্ঠিত দেয়া মাহফিলে নেতা-কর্মীরা আসতে পারে এমন আশংকায় পুলিশ এই বাড়তি নিরাপত্তা নিতে পারে।