চার উইকেটে জিতলো শ্রীলংকা

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৫, ২০:৩৬

শেষ দিকে থিসারা পেরেরা ও  জীবন মেন্ডিসের অপরাজিত ৫৮ রানের জুটিতে আফগানিস্তানের বিপক্ষে চার উইকেটের জয় পেয়েছে শ্রীলংকা। থিসারা ৩২ বলে ৪৭ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। এই জয়ের ফলে পুল এ’র পয়েন্ট টেবিলে ৪ নম্বরে উঠে আসলো শ্রীলংকা। ম্যান অব দ্যা প্লেয়ার হয়েছেন শ্রীলংকার জয়াবর্ধনে।

শুরুতে চার উইকেট হারানোর পর জয়াবর্ধনে ও ম্যাথুসের ১২৬ রানের জুটি  শ্রীলংকাকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিল। তবে জয়াবর্ধনে ও ম্যাথুসের বিদায়ে দ্বিতীয় দফা চাপে পড়ে শ্রীলংকা। দলের পক্ষে সর্বোচ্চ ১০০ রান করেন জয়াবর্ধনে। ম্যাথুস আউট হন ৪৪ রানে। এর আগে ৫১ রানের মধ্যে চার উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলংকা। ইনিংসের শুরুতেই শ্রীলংকার দুই উদ্বোধনী ব্যাটসম্যান শূণ্য রানে আউট হন। দুই জনেই নিজেদের প্রথম বলে আউট হন। ক্রিকেটের ইতিহাসে এর আগে মাত্র একবার উদ্বোধনী দুই ব্যাটসম্যানের ‘গোল্ডেন ডাক’ মারার নজির আছে।

এর আগে ৪৮.৪ ওভারে ২৩২ রান করে অল আউট হয় আফগানিস্তান। জয়ের জন্য শ্রীলংকার লক্ষ্য দাঁড়ায় ২৩৩ রান। আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন আসগর। এছাড়া সলিমুল্লাহ ৩৮, আশরাফ ২৮ ও অধিনায়ক নবী ২১ রান করেন। দুই উদ্বোধনী ব্যাটস্যান জাভেদ ২৪ রান এবং নওরোজ ১০ রান করে আউট হন।  শ্রীলংকার বোলারদের মধ্যে মালিঙ্গা ও  ম্যাথুস ৩টি করে উইকেট পান। লাকমাল পান দুই উইকেট।

৪০ রানের মাথায় দুই উদ্বোধনী ব্যাটসম্যানের বিদায়ের পর একসময় মনে হচ্ছিলো বাংলাদেশের বিরুদ্ধে যেমন আফগানিস্তানের ব্যাটিং বিপর্যয়ে পড়েছিলো আজও তেমন হতে পারে। তবে আসগর ও সলিমুল্লাহর ৮৮ রানের জুটিতে স্বপ্ন দেখতে থাকে আফগানরা। কিন্তু আসগর, সলিমুল্লাহ, আশরাফ ও নবীর বিদায়ের পর আর কোন ব্যাটসম্যানই বড় স্কোর করতে পারে নি।

টুর্নামেন্টে উভয় দলের এটি দ্বিতীয় ম্যাচ। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আফগানিস্তান বাংলাদেশের কাছে ১০৫ রানের বিশাল ব্যাবধানে হেরেছে। ৯৮ রানের বড় ব্যবধানে শ্রীলংকা হারে নিউজিল্যান্ডের কাছে। পুল এ’র আফগানিস্তান ও শ্রীলংকার মধ্যের এই খেলাটি বিশ্বকাপের ১২তম ম্যাচ। টসে জিতে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠান লংকান অধিনায়ক এঞ্জেলা ম্যাথুস।