আজ ইংল্যান্ড চাপে থাকবে

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৫, ০০:১২

দুই স্বাগতিক দেশের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচ। দুটিতেই হার। আজ স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ইংল্যান্ড কিছুটা  চাপে থাকবে এ কারণেই। অধিনায়ক ইওন মরগানের জন্য আমার খারাপই লাগছে। শেষ মুহূর্তে তাকে দলের দায়িত্ব নিতে হয়েছে এবং তাকেই এখন সমালোচনার মূল ঝড়টা সামলাতে হচ্ছে। আমার আশঙ্কা, ইংল্যান্ড যদি ভুল থেকে শিক্ষা নিতে না পারে তাহলে তাদের পক্ষে নক আউট রাউন্ডে যাওয়াটা কঠিন হবে।

ব্রেন্ডন ম্যাককালামের কথা ভাবুন। সে প্রায় দুই বছর ধরে নিউজিল্যান্ডের এই দলটাকে নেতৃত্ব দিচ্ছে। সতীর্থদের মধ্যে সে নিজের চিন্তাগুলো ছড়িয়ে দিতে পেরেছে এবং দলটা সেভাবেই গড়ে উঠেছে। ফলে খেলোয়াড়দের কাছ থেকে সেরাটা বের করে নিতে তার সমস্যা হচ্ছে না।
প্রথম দুই ম্যাচে নিউজিল্যান্ডের পারফরম্যান্স দেখে মনে হচ্ছে প্রথমবারের মতো বিশ্বকাপ জিততে তারা পুরোপুরি প্রস্তুত। অস্ট্রেলিয়ার খেলা দেখেও তেমনই মনে হচ্ছে। কিন্তু দুঃখজনক হলেও সত্যি ইংল্যান্ডের ক্ষেত্রে মনে হচ্ছে ঠিক এর বিপরীত। এখন পর্যন্ত তারা এমন কোনো কিছু দেখাতে পারেনি যেটা দেখে আমি বলতে পারবো তাদের পক্ষে ভালো কিছু করা সম্ভব।
যদি কিছু পরিবর্তন আনা যায় তাহলে হয়তো এখনও ঘুরে দাঁড়ানো সম্ভব। রবি বোপারাকে মিডল অর্ডারে ঠেলে দেয়ার পক্ষপাতী আমি। অ্যালেক্স হেলস খেলবে টপ অর্ডারে।
কাউন্টি ক্রিকেট আমাদের দারুণ কিছু খেলোয়াড় দিয়েছে। জ্যাসন রয় তেমন একজন। কিন্তু আমাদের খেলা দেখে মনে হচ্ছে, আমরা যেন কোনো ঝুঁকি না নেয়ার পণ করেছি।
দুই বছর আগেও ইংল্যান্ড আর নিউজিল্যান্ডের মধ্যে তেমন কোনো পার্থক্য ছিল না। কিন্তু সেই ব্যবধানটা এখন বেড়ে দাঁড়িয়েছে প্রায় আকাশ সমান। এর কারণ দুদলের মানসিকতায়। তারা যেখানে আক্রমণাত্মক মানসিকতা বেছে নিয়েছে সেখানে আমাদের দৃষ্টিভঙ্গি অনেকটাই রক্ষণশীল।
ইংল্যান্ডকে অবশ্যই শক্ত মানসিকতার পরিচয় দিতে হবে এবং সবার সমন্বিতভাবে জ্বলে উঠতে হবে।

কাজের সুবাদে এখন স্কটল্যান্ডের দায়িত্বে থাকায় আমাকে এই মুহূর্তে স্কটল্যান্ডের সমস্যা নিয়েই ভাবতে হচ্ছে। আজকের ম্যাচটা নিয়ে খেলোয়াড়রা সবাই বেশ উত্তেজিত এবং তারা তাদের সেরাটা ঢেলে দিতে প্রস্তুত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আমরা শেষ পর্যন্ত লড়াই করেছি এবং মাত্র তিন উইকেটে হারতে হয়েছে আমাদের। তবে এই ম্যাচে যে আত্মবিশ্বাস আমাদের সঙ্গী হয়েছে সেটা পরবর্তী ম্যাচগুলোতে কাজে লাগবে বলেই আমার বিশ্বাস।