দেলদুয়ার মডেল স্কুলের শিক্ষার্থীরা চটে বসে ক্লাস করে

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৫, ০২:০৪

দেলদুয়ার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় নামেই শুধু মডেল। বাস্তবে সব ধরনের সুযোগ-সুবিধা বঞ্চিত। শিশুরা চটে বসে ক্লাস করলেও শিক্ষক-শিক্ষিকাদের অক্লান্ত পরিশ্রমের ফলে ফলাফল খুবই ভালো। গত সমাপনী পরীক্ষায় ১শ’ ২৩ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে শতভাগ পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৬ জন, এ গ্রেড ৫০ জন এবং বাকিরা অন্যান্য গ্রেড।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম জানান, উপজেলা সদরে বিদ্যালয়টিকে মডেল হিসেবে স্বীকৃতি দেয়া হলেও যে সমস্ত সুযোগ-সুবিধা পাওয়ার কথা তার কোনোটিই নেই। বিদ্যালয়টিতে মোট ৭শ’ ৪৪ জন ছাত্রছাত্রী বর্তমানে ক্লাস করছে। কক্ষগুলো ছোট এবং ঝুঁকিপূর্ণ হওয়ার ফলেও ঝুঁকি নিয়ে ছাত্রছাত্রীরা ক্লাস করছে। বর্তমানে বেঞ্চ ও কক্ষ সংকট হওয়ায় বাইরে ধুলো-বালির মধ্যে চট বিছিয়ে কোমলমতি শিশুরা ক্লাস করছে। মডেল বিদ্যালয় হিসেবে ১৫ জন শিক্ষক-শিক্ষিকা থাকার কথা থাকলেও রয়েছে ১০ জন। শিক্ষকদের বসার জন্য পর্যাপ্ত পরিমাণ চেয়ার নেই। কাগজপত্র রাখার জন্য আলমারির প্রয়োজন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, দেলদুয়ার মডেল প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার যে সমস্ত বিদ্যালয়ে কক্ষ সংকট ও অন্যান্য সুযোগ-সুবিধার অভাব রয়েছে তার তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। শিক্ষা কমিটিতে আলোচনা হয়েছে যাতে দ্রুত সমস্যা সমাধান করা যায়।