হিন্দু সম্প্রদায়ের ধর্মগুরু মানিকগঞ্জের কুমুদ গোশ্বামীর বাড়ি থেকে গুরু সেবা দিয়ে ফেরার পথে পাটুরিয়া-দৌলদিয়া নৌপথে লঞ্চডুবির কবলে পড়ে লাশ হয়ে ফিরলেন ফরিদপুরের সালথার একই পরিবারের চারজন।
জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে উপজেলার আটঘর ইউনিয়নের ভটরকান্দা গ্রামের মৃত সুতাশ চন্দ্র নাথের ছেলে বৌধ নাথ সরকার (৬৫), তার স্ত্রী অনিমা রানী (৫৫), বৌধ নাথের ৩ কাকি চম্পা রানী (৬২), অর্চনা রানী (৪২) ও বাসন্তী রানী (৫০) এক সাথে গুরু সেবা দিতে ধর্মগুরু মানিকগঞ্জের কুমুদ গোশ্বামীর বাড়িতে যান। গুরু সেবা দিয়ে রবিবার তারা বাড়ি ফেরার পথে পদ্মায় লঞ্চডুবির কবলে পড়ে বাসন্তি রানী ছাড়া বাকি চারজনের মৃত্যু হয় পদ্মায়।
আজ সোমবার দুপুরের নিহতদের লাশ গ্রামের বাড়িতে আনা হলে স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠে এলাকার পরিবেশ। শোকবহ পরিবারের সদস্যদের শান্ত্বনা দিতে ছুটে আসেন প্রতিবেশীসহ প্রসাশনের কর্মকর্তারা। বিকালে বাড়ির পাশে নিহতের শেষ সমাধি করা হয়।
